সাতক্ষীরায় গৌতম হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় কলেজছাত্র গৌতম হত্যা মামলায় ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত শনিবার দুপুর ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) এস এম আশরাফুল আলম আদালত পরিদর্শকের কাছে অভিযোগপত্র জমা দেন। তিনি গতকাল রোববার এ অভিযোগপত্রটি সাতক্ষীরা সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দাখিল করেন।
এসআই আশরাফুল আলম বলেন, মামলার আসামিরা হলেন শাহাদাৎ হোসেন (৩২), সাজু হোসেন (২০), মহাসীন আলী (৩৬), ফজিলা খাতুন (৪৫), নাজমুল গাজী (২৫), আলী আহম্মেদ ওরফে শাওন (১৯), কবিরুল ইসলাম ওরফে মিঠু (৩৫), নুর মোহাম্মদ মুক্ত (৪০), মো. ওমর ফারুক (৩৩) ও জামসেদ (৩৫)। অভিযোগপত্রভুক্তদের মধ্যে প্রথম ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য চারজন পলাতক।
নিহত গৌতম সরকার সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঘোনা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য গণেশ সরকারের একমাত্র ছেলে।
থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গৌতম ২০১৬ সালের ১৩ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশের একটি দোকানে বসে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছিলেন। ওই সময় একজন মুঠোফোনে তাঁকে ডেকে নিয়ে যান। তারপর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। ১৬ ডিসেম্বর গণেশ সরকার একই এলাকার ছয়জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। ১৭ ডিসেম্বর আটটার দিকে বাড়ির পেছনে তাঁর পুকুর থেকে গৌতমের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় গৌতমের হাত-পা বাঁধা ও মুখ টেপ দিয়ে আটকানো ছিল।