সাতক্ষীরায় গ্রেপ্তার ৮, নির্বাচন কার্যালয়ে ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবির ও বিএনপির কর্মী সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সদর উপজেলা নির্বাচন কার্যালয়সহ বিভিন্ন এলাকায় পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভোমরা স্থলবন্দরে চালবোঝাই ভারতীয় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা গোয়েন্দা বিভাগের পরিদর্শক আযম খান জানান, জেলা সদর, কলারোয়া, কালীগঞ্জ ও তালা উপজেলা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বিএনপি-জামায়াতের কর্মী। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, গাছ কেটে সড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের পেছনে গতকাল রাত সাড়ে নয়টার দিকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। একই সময় শহরের নারকেলতলা মিলবাজার, বাঁকাল সেতু ও কদমতলা এলাকায় আরও চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ভোমরা স্থলবন্দর এলাকায় চাল খালাস করার সময় একটি ভারতীয় ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। যৌথ বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নেভান। এতে ট্রাক ও চালের তেমন ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে মোটরসাইকেলে করে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ভোমরা বন্দরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি গ্রামের কুদ্দুস দফাদারকে গ্রেপ্তার করে।