সাতক্ষীরায় চিংড়িঘেরে মড়ক, সর্বস্বান্ত চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় বৃষ্টির অভাব ও মাত্রাতিরিক্ত লবণাক্ততা বৃদ্ধির কারণে মৌসুমের শুরুতেই সাতক্ষীরা জেলায় ঘেরে চিংড়ির মড়ক দেখা দিয়েছে। অধিকাংশ চাষি ব্যাংক অথবা মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে চিংড়ি চাষ করায় সর্বস্বান্ত হতে বসেছে। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ৬০ হাজার ৩৪৭ দশমিক ৬৮ হেক্টর জমিতে প্রায় ৩৬ হাজার ২২৯টি ঘেরে বাগদা চিংড়ির চাষ হয়েছে। চলতি বছর বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৫ হাজার ৮৭ মেট্রিক টন। জেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, তিনি শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকা জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে প্রায় এক হাজার ৪০০ বিঘা জমিতে দুটি ঘেরে বাগদা চিংড়ির চাষ করে আসছেন। ২০০৯ সালের ২৫ মে আইলায় তাঁর চিংড়িঘের দুটি ভেসে যায়। তার পর থেকে গত দুই বছরে জমির মালিকদের প্রায় এক কোটি ৪০ লাখ ইজারার টাকা পরিশোধ করেছেন। এপ্রিল মাস থেকে তাঁর ঘেরে চিংড়ি ধরা পড়ার কথা। কিন্তু মৌসুমের শুরু থেকেই দেখা যাচ্ছে চিংড়ির মড়ক। শ্যামনগর উপজেলার হরিনগর জেলেখালি এলাকার চিংড়ি চাষি কাজী আনিসুজ্জামান জানান, তাঁরা ৮০ বিঘা জমিতে চিংড়ি চাষ করেন। প্রায় ১০ লাখ টাকা খরচ করার পর ২০০৯ সালের আইলায় চিংড়িঘের ভেসে যায়। চলতি বছর আবার চাষ করেছেন। কিন্তু মৌসুমের শুরু থেকে ভাইরাসের কারণে চিংড়িতে মড়ক দেখা দেয়। তাদের বিনিয়োগকৃত টাকার ২৫ শতাংশ উঠবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ জানান, চিংড়ির জন্য প্রয়োজন হচ্ছে লবণাক্ততার পরিমাণ ৮-১৫ পিপিটি। সেখানে সময়মতো ও প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় ঘেরের লবণাক্ততার পরিমাণ বেড়ে বর্তমানে প্রায় ২৫ পিপিটিতে দাঁড়িয়েছে। ঘেরের পানিতে অক্সিজেন ও পাশাপাশি খাদ্যসংকটে দুর্বল হয়ে চিংড়িতে মড়ক দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে।