সাতক্ষীরায় চিকিৎসককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিয়াড়া ইউনিয়নের দলুইপুরে গতকাল শনিবার আবদুল মান্নান (৩৫) নামের এক পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার জের ধরে নিহত ব্যক্তির ক্ষুব্ধ আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ১৫টি ঘরে আগুন ধরিয়ে দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দলুইপুরের আসাদুল ইসলাম ও তাঁর ভাই আবদুল আলিম এবং কেশবপুর উপজেলার চাকলা গ্রামের আবদুল মান্নান মালয়েশিয়ায় চাকরি করতেন। ওই সময় টাকা-পয়সা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়। তখন আসাদুল ও আলিমের খাদ্যে বিষ মেশানোর ঘটনা ঘটে। আসাদুলের পরিবারের অভিযোগ, মান্নানই কৌশলে তাঁদের হত্যার জন্য খাদ্যে বিষ মেশান। এ ঘটনার জের ধরে আসাদুল গতকাল দুপুরে মান্নানকে তাঁর বাড়িতে নিয়ে যান। এরপর মান্নানকে ভাত খেতে দেওয়া হয়। একপর্যায়ে আসাদুল ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মান্নানকে হত্যা করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর চাকলা গ্রাম থেকে মান্নানের আত্মীয়স্বজন ও এলাকার পাঁচ শতাধিক লোক আসাদুল, আলিম, রবিউল, সফেত আলী, নূর ইসলাম ও মোহর আলীর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেন।পরে নিহত মান্নানের সমর্থকদের হাত থেকে পুলিশ আসাদুলের চাচি হাসিনা, ভাবি হালিমা ও ভাগনি সুমিকে উদ্ধার করে। এ ছাড়া লুট হওয়া পাঁচটি গরু ও তিনটি ছাগলও উদ্ধার করা হয়।সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হামিদুর রহমান জানান, সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সাত-আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।সাতক্ষীরা (সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. ওহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মান্নানের সমর্থকদের হাত থেকে তিন নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া লুট করে নিয়ে যাওয়ার সময় কয়েকটি গরু ও ছাগলও উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মান্নানের লাশ উদ্ধার করে কলারোয়া থানায় নেওয়া হয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আসাদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।