সাতক্ষীরায় ছাপাখানাগুলোতে কাজ চলছে রাত-দিন
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরায় ছাপাখানাগুলোতে রাত-দিন ২৪ ঘণ্টা কাজ চলছে। ছাপাতে দিয়ে অনেক প্রার্থী সময়মতো তাঁদের পোস্টার ও লিফলেট পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। তবে ছাপাখানার মালিকেরা বলছেন, লোডশেডিংয়ের কারণে অনেক ক্ষেত্রে কথা ঠিক রাখা যাচ্ছে না। একই অবস্থা আর্টের দোকানগুলোতে।সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৭৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৩৪২ জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ৯৬৮ ও সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন দুই হাজার ৮৭৬ জন। ২৯ মার্চ থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে জেলার সাতটি উপজেলায় নির্বাচন হবে।গত রবি ও সোমবার সাতক্ষীরা শহরের শহীদ নাজমুর সরণির ছাপাখানাগুলোতে গিয়ে দেখা গেছে, এখানে প্রচণ্ড ভিড়। জেলা শহরের ১৫টি ছাপাখানায় কাজ চলছে রাত-দিন। সাতক্ষীরা শহরের সবচেয়ে বড় ছাপাখানা জাহান প্রিন্টিং প্রেসের ব্যবস্থাপক আমিনুর রহমান ও খালিদ হাসান জানান, প্রতিদিন সকাল নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত বিরতিহীনভাবে তাঁদের শ্রমিকেরা কাজ করছেন। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে কাজে বিঘ্ন হচ্ছে। ছাপাখানার শ্রমিকদের এক হাজার পোস্টার ছাপানোর জন্য বর্তমানে দিতে হচ্ছে অতিরিক্ত ৫০ টাকা। কাগজের দাম বেড়েছে নির্বাচনকে কেন্দ্র করে; রিমপ্রতি ১৫০ টাকা। কালো কালির তীব্র সংকট দেখা দিয়েছে। এক হাজার পোস্টার ছাপা হচ্ছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকায়। ছাপার খরচ বাড়েনি; কিন্তু অন্য সব খরচ বেড়েছে—উল্লেখ করে তাঁরা জানান, সব মিলিয়ে গ্রাহকদের খুশি করার জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। তার পরও করা যাচ্ছে না।তালা উপজেলার নগরঘাটা ইউপির সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মরিময় আক্তার জানান, ‘১৪ তারিখে একটি প্রেসে পোস্টার ছাপাতে দিয়েছি। সোমবার দুপুরে পেয়েছি।’ সাতক্ষীরা শহরের আর্টের বড় প্রতিষ্ঠান ইষিকার মালিক আবদুল জলিল বলেন, সাত-আট বছর পর ভোট হচ্ছে। একটু চাপ তো আছেই।