সাতক্ষীরায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী জোট গঠন
সাতক্ষীরায় গত শুক্রবার ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী নাগরিক জোট’ নামে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্বনাথ ঘোষকে আহ্বায়ক, ফাহিমুল হক ও অপরেশ পালকে যুগ্ম আহ্বায়ক এবং হেনরি সরদারকে সদস্যসচিব করা হয়েছে।
এর আগে দুপুরে শহরের বাটকেখালীর খ্রিষ্টান ক্যাথলিক মিশন মিলনায়তনে ‘জঙ্গিবাদ বিষয়ে করণীয়’ নামে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর অনিমা মণ্ডল, বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জোৎ দত্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইসলাম ধর্মের নাম ব্যবহার করে বাঙালি জাতিসত্তার ওপর আঘাত হানতে দেশে গুপ্তহত্যা শুরু করেছে ইসলামবিরোধী জঙ্গিরা। তারা ইসলামের শত্রু, মানবতার শত্রু, সব ধর্ম ও মতের শত্রু। এই জঙ্গিদের প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন, যারা দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে, তাদের মুক্তিযুদ্ধের চেতনায় সমূলে উৎখাত করার অঙ্গীকার করতে হবে। যারা হিন্দু পুরোহিত, সেবায়েত, খ্রিষ্টান ধর্মযাজক, মুক্তমনা ব্লগার এমনকি মসজিদের ইমামকে হত্যা করতে পারে, তারা মানুষ নামের কলঙ্ক। বক্তারা ঢাকার গুলশান আর্টিজান রেস্তোরাঁয় বিদেশিসহ ২২ জনকে হত্যা এবং দেশের সর্ববৃহৎ ঈদ জামাত শোলাকিয়ায় নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এখনই সাতক্ষীরা জেলাসহ দেশের সর্বত্র প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ জোট গঠন করা জরুরি হয়ে পড়েছে। যেসব বিদেশি শক্তির মদদে দেশীয় দোসররা বাঙালি জাতিসত্তার ওপর আঘাত হানার ওপর তৎপর, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।