সাতক্ষীরায় জামায়াত কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় আজ সোমবার দুপুরে রবিউল ইসলাম (৪৮) নামের জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ দাবি করছে, তাদের সঙ্গে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে রবিউল জানান, তাঁকে ধরে তাঁর পায়ে গুলি করেছে পুলিশ।
রবিউল সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও হাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়ারব হোসেনের হত্যা প্রচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও ১০টি মামলা রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্য, দুপুর পৌনে ১২টার দিকে রবিউল ইসলামের নেতৃত্বে শতাধিক জামায়াত-শিবিরের নেতা-কর্মী হাজীপুর খালপাড়ে জড়ো হয়েছে বলে পুলিশ খবর পায়। তাঁরা নাশকতা সৃষ্টি করতে পারে, এমন খবরের ভিত্তিতে দুপুর ১২টার পুলিশের ২০-২৫ জন সদস্য নিয়ে ওই এলাকায় যান। ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ গুলি ছোড়ে। এরপর সবাই পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রবিউলকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।
রবিউল ইসলাম জানান, হাজীপুর এলাকা থেকে ধরে নিয়ে এসে পুলিশ তাঁর ডান পায়ের হাঁটুতে গুলি করেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ইলিকা ঘোষ জানান, রবিউল ইসলামের ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে। অস্ত্রোপচার করে চারটি গুলি বের করা হয়েছে। তিনি সুস্থ আছেন। অস্ত্রোপচারের পর পুলিশ তাঁকে নিয়ে চলে গেছে।