সাতক্ষীরায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার জামায়াতের কর্মী আক্তার হোসেন ওরফে আকুকে (৪৬) পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের ভাষ্য, গত শুক্রবার গণপিটুনিতে নিহত হন আক্তার। তিনি দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।
তবে আক্তারের পরিবারের অভিযোগ, আবু রায়হানের চাচাতো ভাই শহীদুল্লাহ গাজীর নেতৃত্বে তাঁর লোকজন আক্তারকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেন। শহীদুল্লাহ গাজী এ অভিযোগ অস্বীকার করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামালউদ্দিন জানান, শুক্রবার রাত ১১টার দিকে বিক্ষুব্ধ লোকজন আক্তারকে চাঁদপুর এলাকা থেকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আবু রায়হান হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আক্তার জামায়াতের কর্মী। তাঁর বিরুদ্ধে গাছকাটা ও সহিংসতার অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। আক্তারের নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।
আক্তারের ছোট ভাই মোক্তার আলী অভিযোগ করেন, তাঁর ভাই শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চাঁদপুর মোড়ের একটি মসজিদে নামাজ আদায় করে বের হলে শহীদুল্লাহ গাজীর নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লোক তাঁকে মারপিট করে ধরে নিয়ে যায়। শনিবার সকালে জানতে পারেন তাঁর ভাইয়ের লাশ দেবহাটা থানায় আছে। তিনি বলেন, তার ভাইকে পিটিয়েই হত্যা করা হয়েছে। তিনি এ-ও স্বীকার করেন, তাঁর ভাই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুল গণি জানান, তাঁর পারিবারিক মসজিদে নামাজ পড়ে বের হওয়ার পর আক্তারকে ধরে নিয়ে যায় শহীদুল্লাহ গাজীসহ কয়েকজন।