সাতক্ষীরায় জামায়াত-পুলিশ সংঘর্ষ
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় তিনটি মোটরসাইকেল, ২৪টি বাইসাইকেল ও শিবিরের শতাধিক সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত নয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আকবর আলী (২৪), আবদুর রউফ (২৩) ও আরিফুল ইসলাম (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে পুলিশ ধলবাড়িয়া এলাকায় অভিযানে যায়। এ সময় ধলবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসায় জামায়াত-শিবিরের কয়েক শ নেতা-কর্মী গোপন বৈঠক করছেন, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং বোমার বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে শিবিরের সাথি পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা সাংগঠনিক সভা করছিলেন। এ সময় পুলিশ ওই এলাকায় পৌঁছালে অন্যরা পালিয়ে যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জামায়াত-শিবিরের কর্মীরা ৮-১০টি বোমা ও ককটেল ছুড়ে মারেন। পুলিশও কয়েকটি গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে।