সাতক্ষীরায় জামায়াতের তাণ্ডব বাড়িঘর ও দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছেন। এ সময় সংখ্যালঘুদের ২৫-৩০টিসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাতক্ষীরা সদরের কাথন্ডা বাজার এলাকায় বিশ্বাসবাড়ি ও সরদারপাড়ার দুটি বাড়ি এবং সাত-আটটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালান। তাঁরা ব্যাংদাহ বাজারে তিনটি দোকান পেট্রল ঢেলে পুড়িয়ে দেন। ফিংড়ি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, আগরদাঁড়ি গ্রামের গোপাল ঘোষাল, তাপস আচার্য, নবকুমার মণ্ডল, মিলন বিশ্বাস, কার্তিক সাধু, সমীর সরকার, গণেশ কর্মকারের বাড়িসহ অন্তত ১৩টি বাড়িঘর তাঁরা ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছেন। নায়ারজোল এলাকায় অমল সমাদ্দারের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া শ্যামল ঘোষালের একটি ঘরে ভাঙচুর করা হয়েছে।
কলারোয়া উপজেলায় সিংনাল গ্রামে আওয়ামী লীগের সমর্থকদের ছয়টি বাড়ি এবং মুরারীকাটি জেলেপাড়ায় পাঁচটি বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মোসলেমউদ্দিন, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মাজেদ ও সাধারণ সম্পাদক অমল কুমার ঘোষের বাড়িতে লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়। কৃষ্ণনগর বাজারে দুটি দোকান ও ছাত্রলীগ কার্যালয় ভাঙচুর ও লুটপাট শেষে পুড়িয়ে দেওয়া হয়।
আশাশুনির বুধহাটা বাজারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ও কুল্যার মোড়ে শ্রমিক লীগের কার্যালয় ও রাসেল স্মৃতি সংসদে ভাঙচুর করা হয়। এ ছাড়া ওই বাজারে বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ টি এম আক্তারুজ্জামানের দোকানসহ পাঁচটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাড়ি, গাজীরহাটে একটি দোকান, দেবীশহরে সুভাষ ঘোষ ও শরৎ ঘোষের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। উপজেলার পারুলিয়া বাজারে একটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ জানান, অধিকাংশ স্থানে সংখ্যালঘু পরিবারসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তবে কোথাও কোথাও বিএনপির কর্মীরাও এসব কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবদুল আজিজ দাবি করেন, তাঁদের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া আছে কোথাও সহিংস কর্মকাণ্ড করা যাবে না। কিন্তু কোথাও কোথাও অতি উৎসাহী কর্মী-সমর্থকেরা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারেন। কিন্তু তাঁদের ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, বিভিন্ন এলাকায় কিছু বাড়িঘর ও দোকানপাটের ক্ষতিসাধন করেছেন জামায়াত-শিবির ও দুর্বৃত্তরা। পুলিশ, বিজিবি ও র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।