সাতক্ষীরায় জামায়াতের দুই কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনী এলাকা থেকে আজ শুক্রবার ভোরে জামায়াতের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল হাকিম গাজী (৪৪) ও নূর ইসলাম (৫১)। তাঁদের বাড়ি কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে। তাঁদের নামে তিনটি করে মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নকীব অয়জুল হক বলেন, মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনী মাদ্রাসার পেছনে কয়েকজন নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির পরিকল্পনা করছে বলে তিনি খবর পান। এর ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে তাঁর নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় আবদুল হাকিম ও নূর ইসলামকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে যায়।
সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেন, নূর ইসলাম ও আবদুল হাকিম গাজী জামায়াতের কর্মী। তাঁদের বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।