সাতক্ষীরায় জেএমবি সদস্যসহ দুজন গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা জামে মসজিদে গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন বৈঠক করার সময় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত এক সদস্যসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ছনকা গ্রামের সিরাজুল ইসলাম (৫৪)। তিনি জেএমবির সাতক্ষীরা জেলা শাখার বায়তুল মাল সম্পাদক। অপরজন একই উপজেলার কোমরপুর গ্রামের আয়ুব সরকারের ছেলে আফিলউদ্দিন (৩৫)।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহামঞ্চদ ইব্রাহিম বলেন, ‘গতকাল ভোরে ৫০-৬০ জন মাগুরা জামে মসজিদে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) হান্নানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে সিরাজুল ইসলাম জেএমবির তালিকাভুক্ত সদস্য।’ গ্রেপ্তারকৃতরা দাবি করেন, পুলিশ গতকাল ভোরে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। সিরাজুল ইসলাম নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করেন। তবে আফিলউদ্দিন জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।