সাতক্ষীরায় জেএমবির তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শহরের ইটেগাছা এলাকার মনোয়ার হোসেন ওরফে উজ্জ্বল, একই এলাকার আনিসুর রহমান ওরফে খোকন ও খড়িবিলা এলাকার আসাদুল ইসলাম।পুলিশ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার পর উজ্জ্বল, খোকন ও আসাদুলসহ জেএমবির ১২ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে। সাতক্ষীরা শহরে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে করা পাঁচটি মামলায় তাঁদের আসামি করা হয়। হাইকোর্ট থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা কারাগার থেকে এই তিনজন মুক্তি পান।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী খান গতকাল শুক্রবার জানান, মুক্তি পাওয়ার পর ওই তিনজনসহ জেএমবির ১৫-২০ জন মাগুরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাতে বৈঠক করছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।