সাতক্ষীরায় জেলা আ.লীগের ৭১ সদস্যের কমিটি ঘোষণা
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদি ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পাঁচজন নারী সদস্য রাখা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কমিটির ৩১ জন উপদেষ্টা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কমিটির নাম পাঠ করে শোনান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, যুগ্ম সম্পাদক আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ ও সাতক্ষীরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ।
দলীয় সূত্র জানায়, ২০০৫ সালের ৮ এপ্রিল ভোটের মাধ্যমে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রায় ১০ বছর পরে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে নির্বাচন ছাড়াই কেন্দ্রীয় নেতারা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নাম ঘোষণা করেন। পরে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তাঁদের দায়িত্ব দেওয়া হয়। তাঁরা ১০ মাস পরে গত ১১ নভেম্বর কমিটি গঠন করে কেন্দ্রে পাঠান। কেন্দ্র থেকে গত ২১ মার্চ এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটির সহসভাপতি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকসহ নয়জন, যুগ্ম সম্পাদক হয়েছেন আবু আহমেদসহ তিনজন, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ ৩ জন, অন্যান্য সম্পাদক পদে ২০ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জনসহ ৭১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ বলেন, ৭১ জনের কমিটির ২ নম্বর সহসভাপতি শেখ আবু নাছিম ময়না ইতিমধ্যে মারা গেছেন। এ ছাড়া কমিটির ধর্ম-বিষয়ক সম্পাদক আরাফাত হোসেনকে সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিরোধিতা করায় তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।