সাতক্ষীরায় ট্রাকের চাপায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের ন্যাশনাল ব্যাংকের সামনে গতকাল বুধবার সকাল নয়টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষক সামছুন্নাহার (৩৫) নিহত হয়েছেন।তিনি সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার কলেজশিক্ষক ফজলুর রহমানের স্ত্রী এবং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।এ ঘটনার প্রতিবাদে শহরের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বেলা সাড়ে ১১টার দিকে আবদুল মোতালেব সড়কে মানববন্ধন করেন। তাঁরা নিরাপদ সড়ক, শহরের মধ্যে ভারী যানবাহন চলাচল বন্ধ, ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার এবং নিহত শিক্ষকের পরিবারের পুনর্বাসনের দাবি জানান।রাজারবাগান এলাকার ভ্যানচালক সুমন গাজী জানান, তিনি প্রতিদিনের ন্যায় গতকাল সকাল নয়টার দিকে তাঁকে (সামছুন্নাহার) বাড়ি থেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে শহরের ন্যাশনাল ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাঁর ভ্যানে ধাক্কা দিলে ওই শিক্ষিকা ছিটকে পড়ে যান। এতে তিনি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।সাতক্ষীরা পৌর মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মাজেদ বলেন, নিরাপদ সড়ক ও ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিকভাবে মানববন্ধন করা হয়েছে। শিক্ষকেরা সভা করে পরবর্তী কর্মসূচি নেবেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।