সাতক্ষীরায় ট্রান্সমিটারযুক্ত কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিল থেকে গতকাল সোমবার স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সুন্দরবনের করমজল প্রজননকেন্দ্রের কচ্ছপ।
উপজেলার দোহার গ্রামের বাসিন্দা শেখ ওহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি গতকাল সকালে বিলের জোয়ারধার এলাকায় সড়কের পাশে কচ্ছপটি দেখতে পান। ১২ কেজি ওজনের কচ্ছপটি ধরে বাড়ি নিয়ে যান। পরে বিক্রির উদ্দেশ্যে এলাকার নতুন বাজার মাছের আড়তে নিয়ে গেলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে বলেন, এটি কোনো পর্যবেক্ষণ-সংক্রান্ত কচ্ছপ। তাঁদের পরামর্শে তিনি কচ্ছপটি আবার বাড়ি নিয়ে যান। সেখান থেকে পুলিশ এসে কচ্ছপটি নিয়ে যায়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের টারটল সারভাইভাল অ্যালায়েন্স, অস্ট্রিয়ার ভিয়েনা জু ও প্রকৃতি জীবন ফাউন্ডেশনের অর্থায়নে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে কুমির ও হরিণের পাশাপাশি কচ্ছপ প্রজননকেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে মূলত বিপন্ন বাটাগুর বাসকা কচ্ছপ নিয়ে গবেষণা চলছে। এর অংশ হিসেবে বাটাগুর বাসকার স্বভাব, খাদ্যাভ্যাস, বিচরণক্ষেত্র, জীবনযাপন সম্পর্কে জানতে দুটি কচ্ছপের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার সিস্টেম স্থাপন করে গত ১২ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের মোহনায় ছেড়ে দেওয়া হয়। একটি কচ্ছপ কোনো সিগন্যাল পাঠাচ্ছে না। তবে অন্যটি সাগর ও সুন্দরবন ঘুরে ছবি পাঠাচ্ছে। উদ্ধার করা কচ্ছপটি হারিয়ে যাওয়া ওই কচ্ছপটি হতে পারে। তবে কীভাবে এটি সুন্দরবন থেকে ৫০ কিলোমিটার দূরে চলে গেল, তা তিনি বুঝতে পারছেন না।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, বন বিভাগের ওয়াইল্ড লাইফ প্রকল্পের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা রেঞ্জের দুই কর্মকর্তার কাছে বেলা দুইটার দিকে কচ্ছপটি হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের ওয়াইল্ড লাইফ প্রকল্পের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, কচ্ছপটি সুস্থ আছে। সুন্দরবনের করমজলে বন বিভাগের নির্দিষ্ট স্থানে এটি রাখা হবে। ঢাকা থেকে বিশেষজ্ঞরা এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার সুন্দরবনের নদীতে কচ্ছপটি ছাড়া হবে।