সাতক্ষীরায় ডাকাতের গুলিতে একজন নিহত
সাতক্ষীরায় ডাকাতি প্রতিরোধ করার সময় ডাকাতের গুলিতে আহত একজন গ্রামবাসী চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। সদর উপজেলায় ঘোনা গ্রামে গত মঙ্গলবার রাত দুইটার দিকে ডাকাতের গুলিতে আহত হওয়ার পর গতকাল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘোনা গ্রামের কলেজছাত্র মেহেদি হাসানকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (২৬)। পেশায় কাঠমিস্ত্রি জয়নালের বাবার নাম আজগর আলী দালা। তিন ঘোনা গ্রামে আজিজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের প্রসাদ কুমার মজুমদার জানান, মঙ্গলবার রাত দেড়টা থেকে দুইটার দিকে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত তাঁদের বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকে। পরে ভবনের দোতলায় ওঠার জন্য দরজা ভাঙার চেষ্টা করার সময় তাঁরা চিকিৎসার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা হল্লা দিয়ে বের হয়ে ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় গুলি চালায়। মাথায় গুলি লেগে জয়নাল আবেদীন আহত হন। ঘোনা ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় জয়নাল আবেদীনকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় মাওয়া নামক স্থানে তিনি মারা যান। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনা নিশ্চিত করেন।