সাতক্ষীরায় তরকারির বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস শুরুর সঙ্গে সঙ্গে সাতক্ষীরার কাঁচাবাজারে আগুন লেগেছে। দুই দিনের ব্যবধানে কাঁচা তরকারির দাম বেড়েছে চার গুণ পর্যন্ত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রমজান মাসের প্রথম দিনেই বাজার তদারকিতে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাঠে নামলেও কাজ হচ্ছে না।

গতকাল সাতক্ষীরা বড় বাজারে গিয়ে দেখা যায়, ধনেপাতা বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি। কিছুদিন আগেও এর দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। এমনি করে দ্বিগুণ-তিন গুণ দাম বেড়েছে টমেটো, বেগুন, মুড়ি, শসা, পাকা কলা ও আদার। এ ছাড়া বেসন, ছোলা, চিনি, পেঁয়াজ, রসুন, আলু, কাঁচা মরিচ, শুকনা মরিচ, তরি-তরকারি ও মসলার দামও কিছুটা বেড়েছে।

শহরের কাটিয়ার বাসিন্দা আবদুল ওয়াদুদ বলেন, গতকাল ১০০ গ্রাম ধনেপাতা কিনেছেন ৫০ টাকা দিয়ে। দুই দিন আগেও তা ১২-১৩ টাকায় কিনেছিলেন। বেগুন কিনেছেন ৬০ টাকা কেজি দরে। দুই দিন আগে তা ছিল ৩০ টাকায়।

শহরের সুলতানপুর এলাকার আবদুল অহিদ বলেন, গতকাল টমেটো কিনেছেন ৬০ টাকা কেজি দরে। দুই দিন আগে দাম ছিল ৪০ টাকা। শসা কিনেছেন প্রতি কেজি ৪০ টাকায়। দুই দিন আগে ছিল ২০ টাকা। দুই দিন আগে আদা কিনেছেন ৯০ টাকা কেজি দরে। গতকাল কিনেছেন ১৬০ টাকা কেজি দরে।

সবজি-তরকারির পাশাপাশি মসলাজাতীয় পণ্যের দামও বেড়েছে। এলাচি, দারুচিনি, লবঙ্গ, কাঠবাদাম, কিশমিশ, চিনাবাদাম, জিরা, রসুনসহ অধিকাংশ মসলাজাতীয় পণ্যের দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে।

দাম বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে বড় বাজারের তরকারির ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, রমজানের আগে থেকে বৃষ্টি শুরু হওয়ায় প্রতিটি সবজির মূল্য বেড়ে গেছে। কাঁচা মরিচ প্রতি কেজি ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা, আলু ২০ টাকা দাম বেড়ে ২৫ টাকায়, পটল ২০ থেকে ৩০ টাকায়, ২৫ টাকা দরের পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বড় বাজার কাঁচাবাজার সমিতির সাবেক সভাপতি কবিরুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে বৃষ্টি নামায় বাজারে সরবরাহ না থাকায় মূল্য বেড়েছে। তা ছাড়া রোজার মাসে প্রতিবারই কম-বেশি দ্রব্যমূল্য বাড়ে।’

জেলা বাজার কর্মকর্তা আকমল হোসেন বলেন, রোববার জেলা প্রশাসকের নেতৃত্বে বাজার পরিদর্শন করা হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীকে পণ্যের মূল্যতালিকা এক সপ্তাহের মধ্যে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাজার পরিদর্শন অব্যাহত থাকবে, যাতে মূল্য স্থিতিশীল থাকে। পাইকারি মূল্যের চেয়ে খুচরা মূল্যের পার্থক্য যাতে ইচ্ছামতো না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।