সাতক্ষীরায় তিন দিন ধরে পেট্রল মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার পেট্রলপাম্পগুলোতে দুই তিন দিন ধরে পেট্রল পাওয়া যাচ্ছে না। এ কারণে পেট্রলচালিত যানবাহন মালিকেরা বিপাকে পড়ছেন। বেশি সমস্যায় পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকেরা। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১৮টি পেট্রলপাম্প চালু আছে। এগুলোয় প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজার লিটার পেট্রল বিক্রি হয়ে থাকে।ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের মাজাহারুল ইসলাম বলেন, শনিবার থেকে পেট্রল পাওয়া যাচ্ছে না। ফলে রোববার থেকে মোটরসাইকেল চালানো বন্ধ রয়েছে। একই ধরনের কথা বলেন সাতক্ষীরা সদর উপজেলার লস্করপাড়া গ্রামের আবদুল গফ্ফার, শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের আবদুর রহিম ও পদ্মপুকুর গ্রামের আনোয়ার আলী গাজীসহ কয়েকজন। তাঁরা জানান, জেলায় প্রায় ২৫ হাজার মানুষ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সবাই পেট্রল সংকটের কারণে বিপাকে পড়েছেন। প্রায় একই ধরনের সমস্যার কথা জানান মাইক্রোবাসচালক সাতক্ষীরা সদরের জাহাঙ্গীর হোসেন ও প্রাইভেটকারচালক জিল্লুর রহমানসহ অনেকে। তিন দিন ধরে পেট্রল না পাওয়ায় তাঁদেরও গাড়ি চালানো বন্ধ রয়েছে। সাতক্ষীরা লস্কর ফিলিং স্টেশনের মালিক জুনায়েত হোসেন লস্কর ও সাতক্ষীর ফিলিং স্টেশনের মালিক সিরাজুল ইসলাম খান জানান, কয়েকটি পাম্পে শনিবার, আবার কয়েকটি পাম্পে রোববার পেট্রল শেষ হয়ে গেছে। পেট্রল সরবরাহকারী পদ্মা, মেঘনা ও যমুনা কোনো প্রতিষ্ঠানই তিন ধরে পেট্রল সরবরাহ করছে না।