সাতক্ষীরায় দুই ট্রাক ভারতীয় কাপড়সহ ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গত বৃহস্পতিবার টাস্কফোর্সের সদস্যরা ভারতীয় কাপড়সহ দুটি ট্রাক আটক করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। আটক কাপড়ের মূল্য প্রায় আট কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।টাস্কফোর্সের ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড় থেকে ভোমরা বন্দর থেকে ছেড়ে আসা দুটি ট্রাক আটক করা হয়। ট্রাক দুটিতে উন্নতমানের কাশ্মীরি শাল, থ্রিপিস, লেহেঙ্গাসহ ভারতীয় মালামাল পাওয়া যায়। পরে ট্রাক দুটি নিয়ে সাতক্ষীরার ৪১ রাইফেল ব্যাটালিয়নে রাখা হয়। ছয়জনকে আটক করা হয়েছে।৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম জানান, শুক্রবার সকাল থেকে ট্রাকের সব মালামাল পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা যায়, কম দামের কথা বলে বেশি দামের পণ্য আমদানি করা হয়েছে। এ ছাড়া শুল্ক তালিকার সঙ্গে আটক মালামালের কোনো মিল নেই। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে।