সাতক্ষীরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ট্রাকশ্রমিক ও হাট ইজারাদারের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গত রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইজারাদারের পক্ষের লোকজন শ্রমিকদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ কাল বুধবার থেকে সাতক্ষীরা জেলার সব সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ও ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঝাউডাঙ্গা ধানহাটের সামনে ট্রাক রাখা নিয়ে ওই হাটের ইজারাদার গোবিন্দকাটি গ্রামের আবদুর রাজ্জাক শেখ ও পলাশ শেখের সঙ্গে ট্রাকচালক তপন খাঁর বিরোধ বাধে। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তপন খাঁ পলাশকে মারধর করেন। বেলা ১১টার দিকে পলাশ শেখের পক্ষে গোবিন্দকাটি গ্রামের মানুষ ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। এর জের ধরে সন্ধ্যা সাতটা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আমানুল্লাহ জানান, এ ঘটনায় শ্রমিকদের পক্ষ থেকে এ পর্যন্ত থানায় পাঁচটি অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।