সাতক্ষীরায় দুই মাসে নয় খুন, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় খুনের ঘটনা বাড়ছে। গত দুই মাসে জোড়া খুনসহ নয়জন খুন হয়েছে। দাম্পত্য কলহ, চোরাচালানের টাকা নিয়ে দ্বন্দ্ব, জমি নিয়ে বিরোধ এবং মাদক ব্যবসায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অধিকাংশ খুনের ঘটনা ঘটেছে।খুনের ঘটনা বাড়ার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, অধিকাংশ খুনের ঘটনা পারিবারিক কলহ কিংবা পূর্ববিরোধের কারণে ঘটেছে। একটি ঘটনায় চোরাচালানের টাকা নিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ওই ঘটনাসহ অধিকাংশ খুনের ঘটনার রহস্য কয়েক দিনের মধ্যে উদ্ঘাটন করা হয়েছে। এটাকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না।পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত নয়জন খুন হয়েছে। এসব খুনের ঘটনায় হওয়া মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা গ্রামের মাদক বিক্রির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাদক বিক্রেতারা গত ৩০ জুলাই দিনমজুর আবদুল জলিলকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সোনাবান বিবি বাদী হয়ে আটজনকে আসামি করে কলারোয়া থানায় মামলা করেছেন। গত ২০ জুলাই শ্যামনগর উপজেলার ধুমগ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। গত ২৯ জুলাই সন্ধ্যায় পুলিশ কলারোয়া উপজেলা কদমতলা এলাকার একটি ইটভাটা থেকে অজ্ঞাতনামা এক তরুণ ও ৬ জুলাই সদর উপজেলার কুচপুকুর গ্রামের মাঠের মধ্যে অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করা হয়। সদর উপজেলার পরানদাহ গ্রামে ১৯ জুলাই জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাহিদা খাতুন নামের এক বৃদ্ধা খুন হন। এ ঘটনায় নিহতের পুত্রবধূ আয়শা খাতুন সাতজনের নামে মামলা করেছেন।দুর্বৃত্তরা ১৬ জুলাই রাতে কলারোয়া উপজেলার দলুইপুর গ্রামের হাফিজুর রহমান (৩০) ও একই গ্রামের মশিয়ার রহমানকে (৪৫) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মশিয়ার রহমানের ছেলে বাবলু রহমান বাদী হয়ে আটজনের নামে মামলা করেন। এ ঘটনায় পুলিশ ১ আগস্ট কলরোয়া উপজেলার গাড়াখালী গ্রামের আশারাফ হোসেন ও বোয়ালিয়া গ্রামের তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। এঁরা ১৬৪ ধারায় জবানবন্দিতে চোরাচালানের পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে খুন করার কথা স্বীকার করেছেন।কালীগঞ্জ উপজেলার ব্রজাপাটুলিয়া গ্রামের রাস্তার পাশের ধানখেত থেকে পুলিশ ১৫ জুলাই দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের হেলাল হোসেন (১৭) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের বাবা আমজাদ হোসেন কালীগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের এমাদুল আলী ও আবদুর সবুরকে গ্রেপ্তার করে। তাঁরা ১৬৪ ধারার জবানবন্দিতে ভ্যান ছিনতাইয়ের জন্য হেলালকে খুন করার কথা স্বীকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী মাশহুদা সুলতানাকে তাঁর স্বামী একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল কুদ্দুস খুন করেন। গত ২৩ জুন সদর উপজেলার খানপুর এলাকার মাশহুদাদের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর আবদুল কুদ্দুস সদর থানায় আত্মসমর্পণ করে। ওই দিন তিনি ১৬৪ ধারায় জবানবন্দিতে দাম্পত্য কলহের কারণে ওড়না পেঁচিয়ে মাশহুদাকে হত্যা করার কথা স্বীকার করেন।