সাতক্ষীরায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল ও ভুয়া স্মারক ব্যবহার করে শিক্ষক নিয়োগের চেষ্টার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মো. ওয়ালিউল ইসলাম এ মামলা করেন। পাশাপাশি ওই দুজনকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না, সে জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরামুল কবির।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, জেলা শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম ৪ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক বরাবর এক চিঠি পাঠান যাতে দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ চিঠিতে বলা হয়েছে, মো. জাকির হোসেন ও মো. ইকরামুল কবির সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল ও ভুয়া স্মারক ব্যবহার করে সদর উপজেলার ঘোনা পশ্চিমপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে দুজন ও তেঁতুলডাঙ্গা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষক সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দিয়েছে বলে তথ্য পাঠান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি ভুয়া শিক্ষকদের ওই দুইটি বিদ্যালয়ে যোগদান করাতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও কর্মরত শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করেছেন। ঘোনা পশ্চিমপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে মো. জাকির হোসেনের স্ত্রী শাহনাজ পারভীনকে ও তেঁতুলডাঙ্গা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে মো. ইকরামুল কবীরের মেয়ে নাজনীন নাহারকে শিক্ষক হিসেবে দেখানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগীয় উপপরিচালক মো. ওয়ালিউল ইসলাম বলেন, ওই দুজনকে কেন চাকরি থেকে বরখাস্ত কিংবা অন্য কোনো সুপারিশ করা হবে না, চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘আমি জীবনে এ ধরনের কাজ আর করব না। আমাকে একটু বাঁচিয়ে দেন।’