সাতক্ষীরায় দুই সপ্তাহে আ.লীগের পাঁচজনসহ ছয় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গত দুই সপ্তাহে আওয়ামী লীগের তিন নেতা ও দুই কর্মী এবং একজন মুক্তিযোদ্ধা খুন হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, সবগুলো হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবিরের লোকজনই জড়িত।

সাতক্ষীরা শহরতলির কুচপুকুর গ্রামের আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলামকে (৫৩) গুলি করে হত্যা করা হয়েছে গত বৃহস্পতিবার রাতে। এ সময় নিহত সিরাজুলের ভগ্নিপতি কওছার আলী (৫৮) গুলিতে আহত হন। সিরাজুলের স্ত্রী আমেনা খাতুন জানান, রাত সাড়ে নয়টার দিকে জামায়াত-শিবিরের ১০-১২ জন কর্মী তাঁদের বাড়িতে ঢোকেন। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে তাঁরা সিরাজুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর হামলাকারীরা ঘরের জিনিসপত্র লুট করেন। যাওয়ার সময় তাঁরা সিরাজুলের ভগ্নিপতি কওছার আলীর বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর পায়ে লাগে। এ  সময় তাঁর ছেলে মো. শিমুল হোসেনকে মারপিট করেন জামায়াত-শিবিরের কর্মীরা।

এর আগে গত মঙ্গলবার খুন হয়েছেন সাতক্ষীরা শহরের ইটেগাছা গ্রামের যুবলীগ কর্মী মো. গিয়াসউদ্দিন। ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে ওই দিন তিনি ও তাঁর এক প্রতিবেশী মোটরসাইকেলযোগে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর যাচ্ছিলেন। পথে তালবাড়িয়া এলাকায় পিকেটাররা তাদের থামিয়ে লাঠি ও রড দিয়ে পেটায়। গিয়াসউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গী গুরুতর আহত হন।

একই দিন কালীগঞ্জ উপজেলায় কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা মো. আলাউদিনকে (৬৫)। তাঁর মেয়ে ফাতেমা খাতুন জানান, রাত ১২টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালান। তাঁরা তাঁর বাবাকে কুপিয়ে ফেলে রেখে যান। পরদিন বুধবার কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কলারোয়ার খোর্দ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান খুন হন গত ২৬ নভেম্বর। তাঁর ভাই কলারোয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মো. আমানউল্লাহ আমান জানান, ঘটনার দিন তাঁর ভাই মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলারোয়া শহরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে কলারোয়া-খোর্দ সড়কের আলাইপুরে পৌঁছার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। 

একই দিনে খুন হন খোর্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। তাঁর বাবা মুজিবর রহমান জানান, বাড়ির কাছে নতুন বাজারে বিকেল পাঁচটার দিকে রবিউলকে কুপিয়ে হত্যা করেন জামায়াত-শিবিরের ২০-২৫ জন কর্মী। এর আগে গত ২১ নভেম্বর খুন হন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রহমান (৪২)। ওই দিন রাত সাড়ে আটটার দিকে পারুলিয়া বাজারে তাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ব্যক্তির চাচাতো ভাই মো. শহীদুল্লাহ অভিযোগ করেন, তাঁর ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীরাই জড়িত।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, সব হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবির জড়িত। তারা প্রকাশ্যেই একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে গেলেও পুশিল প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

তবে জেলা জামায়াতের আমির সাবেক সাংসদ আবদুল খালেক দাবি করেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর দলের নেতা-কর্মীরা জড়িত নয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিহত হয়েছেন তাঁদের দলীয় কোন্দলে।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোল্লা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে পুলিশ ইতিমধ্যে বাড়তি পদক্ষেপ নিয়েছে।