সাতক্ষীরার গুরুত্বপূর্ণ দুটি সড়ক সংস্কার এবং তিনটি কালভার্ট নির্মাণকাজ বরাদ্দের অভাবে বন্ধ রয়েছে। যথাসময়ে এসব কাজ শেষ না হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। এ ছাড়া বেহাল আরেকটি সড়ক সংস্কারকাজ এখনো শুরু হয়নি। সংশ্লিষ্ট ঠিকাদারেরা এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বলছে বরাদ্দের অভাব এবং বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না। সওজের সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-খুলনা সড়কের চলাচলের অনুপযোগী মীর্জাপুর থেকে নওয়াপাড়া পর্যন্ত চার দশমিক আট কিলোমিটার সড়ক সংস্কারের কাজ পায় মেসার্স তাহের ব্রাদার্স। ২০১০ সালে শুরু হওয়া এ কাজের ব্যয় ধরা হয় ১৮ কোটি ২৬ লাখ টাকা। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনো তা শেষ হয়নি। বাসচালক আবদুর রহমান, আশিকুর রহমান জানান, বর্ষা মৌসুমে এ সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গাড়ি দুর্ঘটনায় পড়ে যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। গত ২৮ মার্চ যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের ওই সড়কের কাজ দেখতে আসেন। তিনি মীর্জাপুরে এক সংক্ষিপ্ত সভায় বলেন, জুন মাসের মধ্যে কাজ শেষ না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পরও কাজ শেষ হয়নি। একইভাবে সাতক্ষীরা-ভোমরা বন্দর সড়কে ১১ কিলোমিটার কাজ শুরু হয়েছে ২০১১ সালের জুন মাসে। এর মধ্যে সাতক্ষীরার বাঁকাল সেতু থেকে গাংনিয়া পর্যন্ত সাত কিলোমিটার সড়কের সংস্কারকাজের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ১৩ লাখ টাকা। মেসার্স তাহের ব্রাদাসের নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। আর গাংনিয়া থেকে ভোমরা বন্দর পর্যন্ত বাকি চার কিলোমিটার কাজের ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ টাকা। টিবিএল, এমই, এমবিপিএল নামের একটি প্রতিষ্ঠান কাজটি করছে। এসব কাজ কবে শেষ হবে, তা-ও কেউ বলতে পারে না। চলতি বছরের জুনে কাজ শেষ করার কথা। কিন্তু এখনো তা শেষ হয়নি।মেসার্স তাহের ব্রাদার্সে কর্মরত প্রকৌশলী আলমগীর হোসেন জানান, বরাদ্দের অভাবে চলতি বছরের জুন থেকে কাজ বন্ধ রাখতে হয়েছে। বরাদ্দ না পাওয়ায় কাজ করা যাচ্ছে না। একই রকম কথা বলেন, টিবিএল, এমই, এমবিপিএলের কাজ তদারককারীর দায়িত্বে থাকা আবদুস সবুর।সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকায় তিনটি কালভার্টের কাজ পান বসু টেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এক কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকার এ কাজ শুরু হয় ২০১২ সালের ৭ মে। এ কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের নভেম্বর মাসে। কিন্তু বরাদ্দের অভাবে বর্তমানে কাজ বন্ধ।বসু ট্রেডার্সের মালিক কল্যাণ বসু বলেন, বরাদ্দ না থাকায় ৫০ ভাগ কাজ করার পর কাজ বন্ধ রাখতে হয়েছে। তার ওপর বৃষ্টি হচ্ছে। বিনেরপোতা গ্রামের আবদুর রাজ্জাক ও মইনুল ইসলাম বলেন, কাজ চলছে ধীরগতিতে। বর্তমানে ওই এলাকায় দেড় কিলোমিটার সড়কের অবস্থা এতই নাজুক যে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা-পাইকগাছা সড়কের আঠারোমাইল থেকে তালা পর্যন্ত এর মধ্যে প্রথম ১০ কিলোমিটার অংশ খানাখন্দে ভরা।সওজ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, বরাদ্দ না থাকায় ঠিকাদারেরা কাজ ফেলে রেখেছেন। তা ছাড়া বৃষ্টির সময় অনেক কাজ করা যায় না।