সাতক্ষীরায় দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সোনারমোড় ও কাশিমারি বাজারে এসব দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে একজন হলো উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের ময়জুদ্দিন কাজীর মেয়ে আয়েশা মণি (৯)। নিহত আপরজন হলেন কাশিমারি ইউনিয়নের বল্লারটপ গ্রামের অম্বর মিস্ত্রি (৭০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে আয়েশা মণি তার মা রাবেয়া খাতুনের সঙ্গে হেঁটে সোনাখালী গ্রাম থেকে তার মামাবাড়ি গোপালপুর যাচ্ছিল। শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের সোনারমোড় এলাকায় আসার পর মাটি বহনকারী একটি ট্রাক তাদের চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আয়েশা মণিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক।
অম্বর মল্লিক বাজার করতে হেঁটে বল্লারটপ গ্রামের বাড়ি থেকে আজ সকাল সাড়ে ১০টার দিকে কাশিমারি বাজারে আসেন। বাজারে পৌঁছানোর পর একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় অম্বর মল্লিককে দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো। সেখানে আনার পর চিকিৎসক ওমর ফারুক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এগুলো সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।