সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে আ.লীগ নেতাসহ আহত ২
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাসহ দুজন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গত রোববার রাতে বাড়ি ফেরার পথে উপজেলার কুচপুকুর গ্রামে তাঁদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।গুলিবিদ্ধ দুজন হলেন আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও কর্মী আমজাদ আলী সরকার।পুলিশ সূত্র জানায়, এলাকাবাসী দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা মারুফ হোসেন জানান, নজরুলের পেট ও ডান হাতে এবং আমজাদের পেট ও বাম ঊরুতে গুলি লেগেছে। এ ছাড়া সদর উপজেলার বেলেডাঙা এলাকায় গতকাল সোমবার দুপুরে কুপিয়ে নজরুলের ছেলে মো. রনিকে জখম করা হয়েছে। রনির হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ বলেন, দুটি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুচপুকুর গ্রামের অজিয়ার রহমান ও কাসেমপুর গ্রামের সাইফুল্লাহ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুল্লাহর কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। তবে ওই দুটি ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।