সাতক্ষীরায় নছিমন চালক ও কুষ্টিয়ায় কিশোর নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আহসাননগর এলাকায় গতকাল রোববার ট্রাকের ধাক্কায় এক নছিমনচালক নিহত হয়েছেন। একই দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে মিনিট্রাকের চাপায় এক কিশোর প্রাণ হারিয়েছে।
তালায় নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন সরদার (২৮)। তিনি তেলকুপি গ্রামের আনছার সরদারের ছেলে। কুমারখালীতে প্রাণহানির শিকার কিশোরের নাম সাফিউল্লাহ (১৫)। সে পান্টি গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।
তালার পাটকেলঘাটা থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আলমগীর হোসেন নছিমনে করে পণ্য নিয়ে পাটকেলঘাটা থেকে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। দুপুর ১২টার দিকে আহসাননগর এলাকায় খুলনাগামী একটি ট্রাক নছিমনটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে আলমগীর মারাত্মকভাবে আহত হন। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সাফিউল্লাহ ও তার কয়েকজন বন্ধু সাইকেলে করে যদুবয়রা এলাকা থেকে পান্টির দিকে যাচ্ছিল। বিকেল পাঁচটার দিকে ব্রিকেয়া ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে বালুভর্তি মিনিট্রাক তার সাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়লে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।