সাতক্ষীরায় নমিতা হত্যা মামলায় পাঁচ জনের দণ্ড
সাতক্ষীরার চাঞ্চল্যকর নমিতা হত্যা মামলায় পাঁচজনের কারাদণ্ড হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম এ রব হাওলাদার গত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার ভাতুয়াডাঙ্গা গ্রামের গোলাপী রানী সরকার, তারক চন্দ্র সরকার, ধর্মচন্দ্র সরকার, পাচী দাসী ও সুশান্ত চন্দ্র সরকার। তাঁদের মধ্যে সুশান্ত ছাড়া সবার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সুশান্তকে যাবজ্জীবনের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অন্য একটি ধারায় সুশান্তকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে পাচী দাসী ছাড়া অন্য কেউ আদালতে ছিলেন না। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০১ সালের ১৯ জানুয়ারি ভাতুয়াডাঙ্গা গ্রামের নমিতা রানীকে স্বামী তারক চন্দ্র সরকার ও তাঁর পরিবারের অন্যরা খুন করেন। এ ঘটনায় তারক চন্দ্রের ভাতিজা সুশান্ত সরকার বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে তাঁকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে এ ঘটনায় তালা থানার খলিশখালী পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অপমৃত্যু মামলার বাদীসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা আদালতে উপরিউক্ত পাঁচজনের নামে অভিযোগপত্র দাখিল করেন। পাচী দাসী ছাড়া দণ্ডপ্রাপ্ত অন্যরা পালাতক।