সাতক্ষীরায় নারীর লাশ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের একটি বাগান থেকে লাভলী বেগম (২৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাভলীর লাশ উদ্ধার করে।
লাভলী বেগম ওই গ্রামের ইটভাটার শ্রমিক আবদুল হামিদের স্ত্রী। লাশের ঘাড়ে ও মুখের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
প্রতিবেশী নজরুল ইসলামের ভাষ্য, দুই সপ্তাহ ধরে লাভলী বেগম বাড়িতে ছিলেন না। আজ সকালে বাড়ির পাশের রতন করের বাগানে তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদি হাসান বলেন, ওই নারীর স্বামী আবদুল হামিদ জেলার বাইরে ইটভাটায় কাজ করতে গেছেন। কয়েক দিন ধরে ওই বাড়িতে কেউ নেই।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, লাশটির ঘাড়ে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।