সাতক্ষীরায় পরিবহন ধর্মঘট শুরু
সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকায় গত রোববার ট্রাকশ্রমিকদের ওপর হামলা, বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল বুধবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ঘটনার পর রোববার রাতেই জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বুধবার থেকে সাতক্ষীরার সব সড়কে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। পুলিশ ঘটনার দিন সাতজনকে এবং গতকাল ঝাউডাঙ্গা হাটের ইজারাদার আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম বলেন, কোনো কারণ ছাড়াই সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় শ্রমিকদের ওপর হামলা চালিয়ে তাঁদের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে গোবিন্দকাটি গ্রামের বেশ কিছু লোক। এ ঘটনায় শ্রমিকদের পক্ষ থেকে সদর থানায় পাঁচটি মামলা করা হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ না করায় এ ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের কারণে যাত্রীরা বিপাকে পড়েছেন। গতকাল সকাল আটটার দিকে সাতক্ষীরা বাস টার্মিনালে গিয়ে যানবাহন না পেয়ে অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ জানান, শ্রমিকদের পক্ষ থেকে থানায় পাঁচটি এজাহার জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যে এজাহারভুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরও ধর্মঘট দেওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছে।