জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত পাঁচ বছরে সাতক্ষীরা জেলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৩২ জন নেতা-কর্মীকে গুলি করে হত্যা করেছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি করেন। গত মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা জামায়াতের নেতা আশরাফুল ইসলামকে ‘গুলি করে হত্যার’ প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে অভিযোগ করা হয়, পুলিশ আশরাফুল ইসলামকে মঙ্গলবার রাত ১২টায় বাসা থেকে গ্রেপ্তার করে। তাঁকে ভদ্রখালী হাইস্কুল মাঠে নিয়ে মাথায় ও গায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে পুলিশ। কিন্তু হত্যার পর বন্দুকযুদ্ধে তাঁর নিহত হওয়ার কথা প্রচার করে নিহতের প্রতি নির্মম উপহাস করেছে। গত ১০ দিনে আশরাফুল ইসলামসহ তিনজন নিহত হলেন। এর মধ্যে ৩ মে জামায়াতের কর্মী আক্তার হোসেন ও ২৭ এপ্রিল শিবিরের নেতা আমিনুর রহমান নিহত হন।
বিবৃতিতে সরকারকে সতর্ক করে বলা হয়, জনগণ এর বিরুদ্ধে রাজপথে নামলে পরিণতি হবে ভয়াবহ।