সাতক্ষীরায় পানি-সংকট দুর্ভোগে শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌরসভার দুটি পানির পাম্প বেশ কিছুদিন থেকে সম্পূর্ণ নষ্ট হয়ে পড়ে রয়েছে। একটি পাম্প থেকে পানি উঠছে না। এ কারণে এক সপ্তাহ ধরে শহরের অধিকাংশ এলাকায় পানির কোনো সরবরাহ নেই। ফলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন শহরবাসী।পৌরসভা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার পানির লাইনের সংযোগ দেওয়ার ক্ষমতা রয়েছে চার হাজার। সেখানে বর্তমানে সংযোগ রয়েছে সাত হাজার। এসব সংযোগের জন্য প্রয়োজন কমপক্ষে ১১ হাজার ঘনফুট পানি। সেখানে স্টেডিয়ামসংলগ্ন দুটি পাম্প থেকে উৎপাদন হচ্ছে দুই থেকে আড়াই হাজার ঘনফুট পানি। প্রধান কার্যালয়সংলগ্ন তিনটি পাম্পের দুটি সম্পূর্ণ নষ্ট। বাকি একটি পাম্প থেকে পানি উঠছে না।সাতক্ষীরা শহরের কাছারিপাড়ার কলেজ সড়কের বাসিন্দা চিত্ত মণ্ডল ও আবদুল মান্নান জানান, তাঁরা দুই মাসেরও বেশি সময় ধরে পানি পাচ্ছেন চাহিদার মাত্র চার ভাগের এক ভাগ। প্রায় এক সপ্তাহ ধরে এক ভাগ পানিও পাওয়া যাচ্ছে না। শুধু কাছারিপাড়া নয়, মুনজিতপুর, সরকারপাড়া, লস্কারপাড়া, মধ্যকাটিয়াসহ শহরের সায়ের খালের পূর্ব পাশের এলাকার বাসিন্দারা একই অভিযোগ করেন।পৌরসভার পাম্পচালক আবদুল্লাহ আল মামুন জানান, চাহিদার তুলনায় পৌরসভার পানি উৎপাদন চার ভাগের এক ভাগ। পৌর দিঘির পাড়ে প্রধান কার্যালয়সংলগ্ন তিনটি পাম্পের দুটি নষ্ট। একটি থেকে পানি উঠছে না। সম্প্রতি বাঁকাল এলাকায় একটি গভীর নলকূপ বসানো হয়েছে। চেষ্টা করা হচ্ছে, ওই নলকূপের পানি শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করার। কিন্তু পাইপে মরিচা ও ময়লা পড়ায় পানি সরবরাহ করা যাচ্ছে না।সাতক্ষীরা পৌর মেয়র আবদুল জলিল জানান, বাঁকাল এলাকায় একটি নতুন পাম্প চালু করা হয়েছে। ওই পাম্পের পানির গতি বেশি থাকায় অধিকাংশ পাইপ ছিদ্র হয়ে গেছে। এ কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সমাধানের জন্য কাজ শুরু করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।