সাতক্ষীরায় পানিবন্দী অনেকে ঈদের নামাজ পড়তে পারেননি
সাতক্ষীরার তালা উপজেলার প্রায় দেড় লাখ লাখ বানভাসি মানুষ এবার ঈদের নামাজ পড়েছেন রাস্তা, স্কুল ভবন, আশ্রয়কেন্দ্র বা বিকল্প স্থানে। পানিবন্দী অনেক মানুষ ঈদের নামাজ পড়তেও যেতে পারেননি। এদিকে গত তিন সপ্তাহেও সাতক্ষীরা, কয়রা ও পাইকগাছার সঙ্গে খুলনার সড়ক যোগাযোগ স্থাপন হয়নি। ফলে ভোমরা বন্দরের পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে জরুরি রোগী খুলনা নিয়ে যাওয়ার ক্ষেত্রেও।তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের শহিদুল সরদার, সেলিমুজ্জামানসহ কয়েকজন জানান, গঙ্গারামপুর ঈদগাহে চার গ্রামের মানুষ ঈদের নামাজ পড়ে আসছেন যুগ যুগ ধরে। বর্তমানে ওই স্থান পানিতে তলিয়ে থাকায় তাঁরা ঈদের নামাজ পড়েছেন খুলনা-পাইকগাছা সড়কের ওপর। অনেকে নামাজ পড়তে আসতে পারেননি। বাড়িতে ছিল না ঈদের দিনের জন্য আলাদা কোনো খাবার। চাল সংগ্রহ করতে পারলেও রান্না করার মতো তরকারি এমনকি জ্বালানি কাঠ জোগাড় করতে পারেননি। তালা সদর ইউনিয়নের মুড়াকুলিয়া গ্রামের বাসিন্দা মজিদ সরদার, আবদুর রহমান, আবদুল্লাহ গাজীসহ অনেকে জানান, বন্যার পানিতে তাদের কাঁচা ঘর ধসে পড়েছে অনেক আগেই। প্রায় এক মাস ধরে তাঁরা পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করেছেন। ঘরে খাবার নেই। ঈদ উদ্যাপনের কথা চিন্তায়ও আসেনি। প্রায় সব জায়গা পানিতে তলিয়ে থাকায় নামাজ পড়ার মতো জায়গা নেই বললেই চলে। অনেকে দুঃখে ঈদের নামাজও পড়তে আসেননি। এ ছাড়া খানপুর, কলিয়া, খড়েরডাঙ্গা, দেওয়ানীপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রাম চার-ছয় ফুট পানির নিচে। সেখানকার কোনো মাঠই ঈদের জামাত অনুষ্ঠানের উপযোগী নেই। ওই এলাকার অনেকে বাধ্য হয়ে বিভিন্ন উঁচু জায়গায় বা বেড়িবাঁধে নামাজ পড়েছেন। ইসলামকাটি গ্রামের লিয়াকত আলী, রমজান সরদার জানান, তেঁতুলিয়া, ইসলামকাটি, কুমিরা, খলিষখালী, জালালপুরসহ কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় মানুষ রাস্তার ওপর বা উঁচু কোনো স্থানে ঈদের নামাজ পড়েছেন। সাতক্ষীরা শহরের কালামুল্লাহ জানান, তাঁর মাকে চিকিৎসক খুলনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। কিন্তু সাতক্ষীরা সড়ক যান চলাচলের অনুপযোগী থাকায় তিনি মাকে খুলনা নিয়ে যেতে পারছেন না। টানা তিন সপ্তাহের প্রবল বর্ষণ ও কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে তালা উপজেলার ১২টি ইউনিয়নের ২২৯টি গ্রামের মধ্যে প্রায় ১৯০টি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় তিন লাখ মানুষ। খোলা আকাশের নিচে আছে কয়েক হাজার পরিবার।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই নির্ধারিত স্থানে নামাজ পড়তে পারেননি। কয়রা-তালা সড়কের খলিলনগর থেকে পাইকগাছা সড়কের পাঁচ-ছয় কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে থাকায় খুলনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।সাতক্ষীরা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম জানান, সাতক্ষীরা-খুলনা সড়কের বেনেরপোতা ও নওয়াপাড়া এলাকা পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় ভারী গাড়ি চলাচল করলে সড়ক দেবে যাবে। তা ছাড়া সড়কের অনেক স্থানে খোয়া উঠে বাস চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে বাসসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে।