সাতক্ষীরায় পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ এলাকার মানুষ বেশ কিছুদিন ধরে লাইনের পানি পাচ্ছে না। এতে রান্নাবান্না, গোসলসহ নানা গৃহস্থালি কাজে ব্যবহারের পানি না পেয়ে পৌরবাসী ভোগান্তি পোহাচ্ছে।সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে পৌরসভায় সাত হাজার ১০০ জন পানির গ্রাহক আছেন। তাঁদের ব্যবহারের জন্য প্রতিদিন ১১ হাজার ৯০০ ঘনলিটার পানির চাহিদা আছে। কিন্তু পৌরসভার পানি সরবরাহ কেন্দ্রের ছয়টি পাম্প দিয়ে সর্বোচ্চ ছয় হাজার ৩০০ ঘনলিটার পানি সরবরাহ করা সম্ভব। তা দিয়ে চার হাজার গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব। বর্তমানে একটি পাম্প অচল হয়ে পড়েছে। অন্যগুলো দিয়েও শতভাগ পানি সরবরাহ পাওয়া যাচ্ছে না।জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার বাঁকাল, কুকরারি, পারকুকরালি, ইটেগাছার একটি অংশ, রইচপুর, মধ্যকাটিয়া, সরকারপাড়া ও রসুলপুর এলাকার গ্রাহকেরা বেশ কয়েক দিন ধরে পানি পাচ্ছেন না। পৌরসভার মধ্যকাটিয়ার বাসিন্দা আবদুল মোমেন জানান, এক সপ্তাহ ধরে তাঁরা পানি পাচ্ছেন না। সরকারপাড়ার সিরাজুল ইসলাম ও আলতাফ হোসেন জানান, তিন দিন ধরে তাঁদের এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।পানি সরবরাহ কেন্দ্রের তত্ত্বাবধায়ক সেলিম সরোয়ার জানান, চাহিদার অর্ধেক পানিও উৎপাদন করা যাচ্ছে না। এ অবস্থায় পানির উৎপাদন বাড়ানো দরকার।পৌর মেয়র আবদুল জলিল জানান, ইতিমধ্যে পানির চাহিদা মেটাতে দুটি গভীর নলকূপ বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি মাস থেকে কাজ শুরু হবে। আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ হবে।