সাতক্ষীরায় পিটিয়ে আ.লীগ নেতার হাত-পা ভাঙলেন এক চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগের এক নেতাকে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। এ সময় পিটিয়ে থেঁতলে দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশ।গতকাল সোমবার সকাল নয়টায় দিকে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা-বৈকারী সড়কের কাসেমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৫২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।আহত হাবিবুর রহমানের ছেলে ফয়জুল কবীর জানান, কর্মসৃজন প্রকল্পের খাল কাটা, সরকারি গাছ কাটা, মাদক চোরাচালান ও ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় তাঁর বাবার সঙ্গে জামায়াত-সমর্থক আগড়দাঁড়ি ইউপির চেয়ারম্যান আনারুল ইসলামের বিরোধ চলে আসছিল। গতকাল সকাল সাড়ে আটটার দিকে তাঁর বাবা মোটরসাইকেলে করে সাতক্ষীরা শহরে আসছিলেন। পথে সকাল নয়টার দিকে কাসেমপুর গ্রামের ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তায় দড়ি টানিয়ে তাঁর মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর ভাই জিয়ারুল ইসলাম, রানা, রনি, মো. মনসুর আলীসহ ১০-১২ জন তাঁকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে ডান হাত ও দুই পা ভেঙে দেয়। থেঁতলে দেওয়া হয় শরীরের বিভিন্ন অংশ। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও তাঁকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে রাস্তার পাশে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে চলে গেলে স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. তৌহিদুর রহমান জানান, হাবিবুর রহমানের ডান হাত ও দুই পা ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে (০১৭১০৯০১৯৩৫) কথা বলার চেষ্টা করলে তাঁর ভাই জিয়ারুল ইসলাম ফোন ধরে বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কয়েকটি গাছ কাটা নিয়ে বিরোধ চলছিল হাবিবুর রহমানের। ভাই কোনো কাজ করতে গেলেই বাধা হয়ে দাঁড়ায় তিনি। এসব ঘটনার জের ধরে হাবিবকে তাঁর ভাই মারধর করেছেন। এ সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ রনি হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে। মামলার প্রস্তুতি চলছে।