সাতক্ষীরায় পিস্তল বোমা, ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা সদর থেকে একটি বিদেশি পিস্তল, একটি বোমা, ৭০ বোতল ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ও গতকাল রোববার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে হূদয় সরদার (২২), সাতক্ষীরা জেলা সদরের ভোমরা গ্রামের শম্ভু ঘোষের ছেলে সাতক্ষীরা সীমান্ত ডিগ্রি কলেজের ছাত্র পলাশ ঘোষ (২১) ও একই গ্রামের সবেদ আলীর ছেলে ভাড়ায় মোটরসাইকেলের চালক শওকত হোসেন (৩৫)।সূত্রটি আরও জানায়, শনিবার রাত নয়টার দিকে জেলা সদরের পরানদহা থেকে আলীপুরগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খানপুর দক্ষিণপাড়ার একটি পুকুরে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে রোগী আছে ভেবে লোকজন উদ্ধারের চেষ্টা চালালে ভেতরে কয়েক কার্টন ফেনসিডিল দেখতে পায়। তখন উদ্ধারে এগিয়ে আসা লোকজন বেশ কিছু ফেনসিডিলের বোতল লুট করে। পরে পুলিশ এসে ৩০ বোতল উদ্ধার করে। গ্রামবাসী জানায়, অ্যাম্বুলেন্সের উদ্ধারকাজ চলার সময় মোটরসাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাওয়ার পথে পুলিশ মোটরসাইকেল আরোহীকে থামার নির্দেশ দেয়। এ সময় চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলে ঝোলানো ব্যাগ থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, পাঁচটি গুলি, একটি তাজা বোমা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে মোটরসাইকেলের চালক হূদয় সরদারকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, হূদয়কে গ্রেপ্তারের পর তাঁর মুঠোফোনের কল তালিকা অনুযায়ী গতকাল সকালে পলাশ ও শওকতকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেল ও ফেনসিডিলবাহী অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে।