সাতক্ষীরায় পুলিশের গুলিতে আসামি গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের গুলিতে মোবাশ্বের হোসেন ওরফে মধু (৩৭) নামের এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দেবনগর গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মোবাশ্বেরের বিরুদ্ধে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন হত্যাচেষ্টাসহ সাতটি মামলা রয়েছে।

পুলিশ দাবি করেছে, জামায়াত-শিবিরের কর্মীদের নাশকতার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে মোবাশ্বেরের পায়ে গুলি লাগে। তবে মোবাশ্বের দাবি করেন, মাঠে কাজ করছিলেন তিনি। পুলিশ দেখে পালানোর জন্য দৌড় দিলে পুলিশ তাঁকে গুলি করে। মোবাশ্বের জানান, তিনি জামায়াতের একজন কর্মী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্য, উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর চারাবটতলা এলাকায় নাশকতা ঘটানোর জন্য জামায়াত-শিবিরের কর্মীরা একত্র হচ্ছে—এই সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও হাতবোমা ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে মোবাশ্বেরের পায়ে গুলি লাগে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে মোবাশ্বেরকে পুলিশ হেফাজতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ মোবাশ্বের হোসেন এই প্রতিবেদকের কাছে দাবি করেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নাশকতার ঘটনায় তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা আছে। আজ সকালে তিনি বাড়িসংলগ্ন মাঠে কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে এলে তিনি স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য দৌড় দেন। এ সময় পুলিশ তাঁর পায়ে গুলি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক শেখ ফয়সাল আহমেদ জানান, দুপুর একটার দিকে পুলিশ মোবাশ্বের হোসেন নামের একজন ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর বাম ও ডান পায়ের উরুতে এবং পায়ের গোড়ালিতে গুলি লেগেছে। অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

ওসি ইনামুল হক জানান, মোবাশ্বের হোসেন ওরফে মধুর বিরুদ্ধে সাংবাদিক ইয়ারব হোসেন হত্যাচেষ্টার মামলাসহ গাছকাটা, পুলিশের কাজে বাধা, ডাকাতি, ছিনতাই ও নাশকতা সৃষ্টির অভিযোগে সাতটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি আরও জানান, সংঘর্ষের সময় পুলিশ সাতটি গুলি ছুড়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। বোমার স্প্লিন্টারের আঘাতে পুলিশ কনস্টেবল আবদুল আজিজ আহত হয়েছেন। তাঁকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

গত ৩০ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন তজুলপুরের গ্রামের বাড়ি থেকে সকালে পেশাগত কাজে সাতক্ষীরা শহরে আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে দেবনগর এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে জামায়াত-শিবির কর্মীরা তাঁর হাত-পা ভেঙে ও কুপিয়ে তাঁকে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে যায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় অন্য সাংবাদিকেরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিত্সাধীন থাকার পর গত ৬ জানুয়ারি তিনি হাসপাতাল ত্যাগ করেন।