সাতক্ষীরায় পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত
সাতক্ষীরায় মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছে। আহত ছিনতাইকারিসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার সকাল আটটার দিকে সাতক্ষীরা শহরতলির খড়িয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছিনতাইকারীর নাম আবদুল মান্নান (২৬)। তাঁর বাড়ি জেলার সদর থানার ঝিটকি গ্রামে। গ্রেপ্তার হওয়া অন্য দুইজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি গ্রামের আমির হোসেন (৩৫) ও দেবহাটা উপজেলার নোড়ার চক গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, শ্যামনগর উপজেলার বেতাঙ্গী গ্রামের রেজাউল ইসলাম শ্যামনগর থেকে তাঁর ব্যবসায়িক কাজে সাতক্ষীরায় আসছিলেন। পথে শহরের ইটেগাছা এলাকায় কয়েকজন ছিনতাইকারী তাঁর মোটরসাইকেল ছিনতাই করে নেয়। এ সময় তাঁর চিত্কার টহলে থাকা পুলিশ ওই চক্রকে ধাওয়া করে।
একপর্যায়ে খড়িয়াবিল এলাকায় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে আবদুল মান্নানের পায়ে গুলি লেগে তিনিসহ মোটরসাইকেল থাকা তিনজন পড়ে যান। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
সাতক্ষীরা সদর হাসপাতালে আবদুল মান্নানকে চিকিত্সা দেওয়া হয়েছে।
শ্যামনগর উপজেলার বেতাঙ্গী গ্রামের রেজাউল ইসলাম একই ধরনের বর্ণনা দিয়ে বলেন, পুলিশ খুব কাছ থেকে গুলি করেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ছিনতাইকারী দলের তিন সদস্যকে ধরার পর পুলিশ একজনকে গুলি করেছে।
এ ব্যাপারে গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, এ ঘটনায় ইটেগাছা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক লুত্ফর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।