সাতক্ষীরায় পুলিশের গুলিতে বিএনপির নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সহসম্পাদক ও জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম বিপ্লব কবীর (৩৭) গুলিবিদ্ধ হয়ে গতকাল শুক্রবার সকালে হাসপাতালে মারা গেছেন। তাঁর পরিবারের দাবি, পুলিশ তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করেছে। তবে পুলিশ বলেছে ভিন্ন কথা।
উপজেলার দোহার গ্রামের মৃত শেহের আলী শেখের ছেলে বিপ্লব। তিনি উপজেলার শালিকা ডিিগ্র কলেজের বিজ্ঞান বিভাগের প্রদর্শক ছিলেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বক্কর সিদ্দিকীর ভাষ্যমতে, উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল–জনযুদ্ধ) নেতাদের সংঘবদ্ধ করে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়। পরে জানা যায়, তিনি পূর্ব
বাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য এস এম বিপ্লব কবীর।
তবে নিহত বিপ্লবের মা হালিমা খাতুন অভিযোগ করেন, জমিজমা নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তাঁর ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে পুলিশের সঙ্গে বিপ্লবের চাচাতো ভাই মাহবুব শেখ, তোজাম শেখ ও প্রতিবেশী শাহিন শেখসহ ২০-২৫ জনের একটি দল তাঁদের বাড়িতে হানা দেয় এবং বিপ্লবকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পুলিশ তাঁদের লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি ছোড়ে। এতে প্রতিবেশী সাফায়েত মোড়লের হাতে ও পায়ে স্প্লিন্টার লাগে। একপর্যায়ে প্রতিবেশীরা চলে গেলে বিপ্লবকে মাথায় আঘাত করা হয়। পরে বেধড়ক মারপিট করে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে শোনা যায়, বিপ্লবকে গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে বিপ্লবের চাচাতো ভাই মাহবুব শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে তালা সদরে থাকেন। তাঁর আরেক ভাই তোজাম শেখও গ্রামে থাকেন না দীর্ঘদিন ধরে। তাঁদের সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব থাকলেও কী কারণে বিপ্লব মারা গেছেন, তা তিনি জানেন না।
বিপ্লবের ভাই আবদুর রহিম জানান, বিপ্লবের নামে একটি হত্যাসহ দুটি শত্রুতামূলক মামলা দেওয়া হয়েছে। সেসব মামলায় তিনি জামিনে ছিলেন। তিনি অভিযোগ করেন, বিপ্লবকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তিনি যখন মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিলেন, চিকিৎসকদের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল গফুর বলেন, বিপ্লবকে গুলিবিদ্ধ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত ও ডান পায়ের ঊরুতে গুলি বিদ্ধ ছিল। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। রক্ত ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে বারবার মুঠোফোনে কল দেওয়া হয়েছে। কিন্তু তিনি ধরেননি। সকাল সাতটা পাঁচ মিনিটে বিপ্লবের মৃত্যু হয়।
ওসি আবু বক্কর সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আকরম হোসেন বাদী হয়ে বিপ্লবসহ অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এ ছাড়া বিপ্লবের বিরুদ্ধে দুটি হত্যাসহ আরও পাঁচটি মামলা রয়েছে।
মির্জা ফখরুলের নিন্দা: নির্যাতন ও গুলি করে বিএনপির নেতা বিপ্লবকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এক বিবৃতিতে বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় সন্ত্রাসী বাহিনীর মতো ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে।