সাতক্ষীরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আহত ১
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কবীর আহম্মেদ সরদার (৪৬) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। নিজেকে তিনি জামায়াতের রুকন বলে দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। আজ শুক্রবার ভোর চারটার দিকে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাতক্ষীরা আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের জালালউদ্দিন সরদারের ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবের ভাষ্য, কবীর আহম্মদকে গতকাল সন্ধ্যায় আশাশুনি সদর থেকে গ্রেপ্তার করা হয়। রাতে জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন তথ্য দেন। সে অনুযায়ী রাত দুইটার দিকে তাঁকে নিয়ে পুলিশ উপজেলার শ্বেতপুর গ্রামে অভিযান চালানোর জন্য যাচ্ছিলেন। এ সময় রাত আড়াইটার দিকে মহেশ্বরকাটি মাছ বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত্ পেতে থাকা তাঁর সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা আসামি কবীর আহম্মেদ সরদারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০টি গুলি ছোড়েন। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যান। তাঁদের গুলিতে কবীর আহম্মেদ আহত হন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহত কবীর আহম্মেদ সরদারের ভাষ্য, রাত আড়াইটা থেকে তিনটার দিকে পুলিশ তাঁকে থানা থেকে মহেশ্বকাটি মাছ বাজারে নিয়ে যান। পুলিশ তাঁর পায়ে গুলি করে। তিনি জানান, তাঁর নামে সহিংসতার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। তিনি জামায়াতের একজন রুকন।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তানভীর হোসেন জানান, কবীর আহম্মেদের ডান পায়ের হাঁটুর নীচে গুলি লেগেছে। অস্ত্রোপচার করে গুলি বের করা হবে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব আরও জানান, কবীর আহম্মেদের নামে সহিংসতা ও গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে আশাশুনি থানায় পাঁচটি মামলা রয়েছে।