সাতক্ষীরায় পুলিশের সঙ্গে 'সংঘর্ষে' এক ব্যক্তি গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জে গত বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ শুকুর আলী নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন৷ পুলিশ বলছে, তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী৷ তবে তাঁর পরিবারের দাবি, সাদা পোশাকে পুলিশের একটি দল তাঁকে ধরে নিয়ে গুলি করেছে৷
গুলিবিদ্ধ শুকুর আলী (৩৫) কালীগঞ্জের শৈইলপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। সাতক্ষীরা সদর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইমদাদুল হকের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে শুকুর আলীর নেতৃত্বে উপজেলা সদরের কালীগঞ্জ সেতুর ওপর মাদক পাচার হচ্ছিল। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশের একটি দল সেখানে গেলে মাদক চোরাচালানিদের সঙ্গে সংঘর্ষ বাধে৷ এ সময় শুকুর আলী গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়৷
তবে, শুকুর আলীর স্ত্রী রেশমা খাতুন দাবি করেন, বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাঁর স্বামীকে সাদা পোশাকে পুলিশের একটি দল শৈইলপুর গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাঁরা জানতে পারেন, তাঁর স্বামী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, শুকুর আলীর ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইমদাদুল হক বলেন, শুকুর আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷