সাতক্ষীরায় পেঁয়াজবোঝাই ট্রাকে আগুন
সাতক্ষীরার গাংনিয়া এলাকায় ভোমরা-সাতক্ষীরা সড়কে পেঁয়াজবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। ট্রাকটি গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোমরা স্থলবন্দর থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
যৌথ বাহিনীর অভিযানে আটক ৪
সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে গতকাল রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চারজন কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের গুলজার রহমানের ছেলে মো. ফজলু রহমান (৫২), একই উপজেলার ধুলিহর গ্রামের আবদুল মালেক গাজীর ছেলে আজগার গাজী (২৬), কলারোয়া উপজেলার সিংহনাল গ্রামের মো. আশরাফুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) ও একই উপজেলার গোপীনাথপুর গ্রামের রইচউদ্দিন গাজীর ছেলে আবদুল খালেক গাজী (৪০)।
সাতক্ষীরা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিএসবি) আযম খানের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। জেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।