সাতক্ষীরায় পোড়ানো হলো ২০ মণ ‘বিষাক্ত’ আম
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ২০ মণ আম জব্দ করার পর পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নলতা মাদ্রাসাসংলগ্ন একটি ভবন থেকে আমগুলো জব্দ করা হয়।স্থানীয় ব্যক্তিরা জানান, নলতা গ্রামের ফল ব্যবসায়ী শাহাজান কারিগর ওই ভবনের চারটি কক্ষ ভাড়া নিয়ে কার্বাইড ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিটিয়ে আম পাকাতেন এবং তা বাজারজাত করতেন। উপজেলা পরিচ্ছন্নতা (স্যানিটেশন) পরিদর্শক আবদুস সোবহান অভিযান চালিয়ে এক মণ ওজনের ২০ ঝুড়ি আম জব্দ করেন। এ সময় সেখানে আরও ১৫৮ কার্টন ভারতীয় আম ও স্থানীয় জাতের ৪০ ঝুড়ি আমে রাসায়নিক দেওয়ার জন্য রাখা হয়েছিল। পরে পরিচ্ছন্নতা পরিদর্শক রাসায়নিক পদার্থ মেশানো ২০ ঝুড়ি আম পুড়িয়ে ফেলেন। এ সময় ব্যবসায়ী শাহাজান কারিগর আর কখনো বিষাক্ত রাসায়নিক ফলে ব্যবহার করবেন না—এই মর্মে অঙ্গীকার করলে বাকি আমগুলো ফেরত দেওয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক আম ব্যবসায়ী জানান, বিভিন্ন জাতের আম একসঙ্গে এবং কম সময়ে পাকানোর জন্য তাঁরা তরল রাসায়নিক ছিটান। সাধারণত সন্ধ্যার দিকে আম ঘরের মেঝেতে রেখে স্প্রে করে ভিজিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর এগুলো চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়। এতে সব আম একসঙ্গে পেকে যায়। স্প্রে করা আম সহজে চেনার উপায় থাকে না। উপজেলা পরিচ্ছন্নতা পরিদর্শক আবদুস সোবহান বিষাক্ত আম জব্দ ও পুড়িয়ে ফেলার সত্যতা নিশ্চিত করেছেন।