সাতক্ষীরা সদর উপজেলায় সরকারি বই বিতরণের সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সেখানকার ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথি সান্যালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্তের এ আদেশ দেন।শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জানিয়েছেন, গত শনিবার বই বিতরণের সময় ৩৬৬ জন ছাত্রছাত্রীর অধিকাংশের কাছ থেকে ৩০ টাকা করে আদায় করা হয়। যারা ওই দিন টাকা দিতে পারেনি, তাদের বই দেওয়া হয়নি। তারা পরের দিন (রোববার) টাকা দিয়ে বই সংগ্রহ করে।জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা জানান, অভিযোগ পেয়ে তিনি গত রোববার সদরের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার ও সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেনকে ঝাউডাঙ্গা বিদ্যালয়ে তদন্তে পাঠান। তাঁরা যে তদন্ত প্রতিবেদন দিয়েছেন, তাতে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। তিনি জানান, ওই প্রতিবেদনের ভিত্তিতে তিনি বীথি সান্যালকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন।