সাতক্ষীরায় বজ্রপাতে ২০ শিশু-কিশোর অজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েছে ২০ শিশু-কিশোর। তবে পাঁচ থেকে সাত মিনিটের মাথায় জ্ঞান ফিরে কিশোর বয়সীদের। আর শিশুদের জ্ঞান ফিরে প্রায় আধা ঘণ্টা পর। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের তারানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুদের জ্ঞান ফিরলেও অসুস্থ হয়ে পড়ায় তারা কান্নাকাটি শুরু করে। আর ওই বজ্রপাতের ঘটনায় এলাকার অন্য কয়েকজন কানে কম শুনতে পাচ্ছেন।
এলাকায় গিয়ে জানা গেছে, অসুস্থ হয়ে পড়া শিশুদের হাসপাতালে না নিয়ে ঝাড়-ফুঁক করানো হচ্ছে। আর তা করছেন গ্রামেরই গাজীবাড়ির মসজিদের ইমাম আনছার আলী।
আক্তারুজ্জামান নামে গ্রামের এক বাসিন্দা জানান, টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এ শব্দে গ্রামের শহীদুজ্জামানের ছেলে তৌহিদুজ্জামান (৪), মোস্তাফিজুর রহমানের মেয়ে রাহিমা (১), আহাদ আলী গাজীর ছেলে সোহাগ গাজী (১২), আব্দুল হামিদের ছেলে আরাফাত হোসেন (৮), শেখ খলিলুর রহমানের মেয়ে সাবিহা (৩) ও মোস্তাকিন শেখের মেয়ে আম্বিয়া খাতুন (১১) সহ ২০ শিশু-কিশোর অজ্ঞান হয়ে পড়ে। এ ছাড়া বিকট শব্দে একই গ্রামের সাহানা ইসলাম (২০), নাসিমা খাতুন, রহিমা খাতুন (২৫) নূরুজ্জামান (২৭) কানে কম শুনছেন।
এ ব্যাপারে রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবর আলী বলেন, বজ্রপাত যে এলাকায় হয়েছে তার আশে পাশের ২০-২৫টি পরিবারে এ ধরনের ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার মধ্যে বেশির ভাগই সুস্থ হয়ে গেছে। তবে শিশুদের মধ্যে বেশ কয়েকজন ঘটনার পরেও কান্নাকাটি করেছে। চিকিৎসক দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু গ্রামের মানুষ হুজুর ডেকে ঝাড়-ফুঁক করাচ্ছে।