সাতক্ষীরায় বন্যার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ
বাড়িঘর পানিতে তলিয়ে থাকলেও সাতক্ষীরায় অনেক বানভাসি মানুষের আশ্রয়কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ কারণে বন্যার পানি কিছুটা কমলেও বেড়েছে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ। সাতক্ষীরা জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ও সাতক্ষীরা পৌরসভায় ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ হাজার বানভাসি মানুষ আশ্রয় নেয়। বাসভাসি মানুষেরা জানায়, টানা তিন সপ্তাহ বৃষ্টি ও বেতনা নদীর পানি উপচে তাদের বাড়িঘর তলিয়ে যায়। ডুবে যায় রাস্তাঘাট ও ফসলের মাঠ। ভেসে যায় চিংড়ির ঘের ও পুকুর। ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ অবস্থায় তারা আশ্রয় নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। এক সপ্তাহ ধরে বন্যার পানি ধীরগতিতে কমছে। কিন্তু অধিকাংশ মানুষের বাড়ি দুই থেকে চার ফুট পানির নিচে। এ অবস্থায় সদর উপজেলার কয়েকটি বিদ্যালয় ও কলেজ থেকে বানভাসি মানুষদের সরিয়ে দেওয়া হয়েছে। আবার কয়েকটি থেকে জরুরি ভিত্তিতে সরে যেতে বলা হয়েছে।সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে আশ্রয় নেওয়া সদর উপজেলার দেবনগর গ্রামের জবেদা খাতুন (৫০) জানান, তাঁদের গ্রাম এখনো পানির নিচে। বাড়িতে কোমর সমান পানি। অথচ ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাঁদের আশ্রয়কেন্দ্র ছাড়তে বাধ্য করেছে। ওই আশ্রয়কেন্দ্র থেকে চলে আসা একই এলাকার আতাউর রহমান, আলেয়া খাতুন, সফুরা খাতুন, মোসলেম সরদারসহ অনেকেই একই অভিযোগ করেন।তাঁরা বাধ্য হয়ে সেখান থেকে আশ্রয় নিয়েছেন দেবনগর খেলার মাঠে। গত মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে ওই মাঠে কাদা। সেখানে টংঘর বাঁধছেন গৃহহীন মানুষ।সাতক্ষীরা লাবসা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া আছিয়া খাতুন, আকরম আলী, মোমতাজুল আলী, মোসলেমা খাতুন, নাজমা বেগমসহ অনেকে জানান, বিদ্যালয় আগামী ৮ সেপ্টেম্বর খুলবে বলে তাঁদের চলে আসতে বাধ্য করা হয়েছে। তাঁরা এখন মথুরাপুর গ্রামে সড়কের পাশে আশ্রয় নিয়েছেন। সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মনোকা বিশ্বাস, মায়া রানী বিশ্বাস, আয়েশা খাতুন, মামুদা খাতুন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম তাঁদের আশ্রয়কেন্দ্র থেকে চলে যেতে বলেছেন। বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া খাদিজা খাতুন, ফুলজান বিবি, রুপিয়া খাতুন জানান, তাঁদেরও চলে যেতে বলা হয়েছে।সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আজিজুর রহমান জানান, তাঁর প্রতিষ্ঠানে ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। এ জন্য আশ্রিত ব্যক্তিদের চলে যেতে বলা হয়েছে।ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, তাঁদের বিদ্যালয় খুলবে ১২ সেপ্টেম্বর। অনেকের বাড়ি থেকে পানি নেমে গেছে। এ জন্য তাঁদের বাড়িতে চলে যেতে বলা হয়েছে।জেলা প্রশাসক আবদুস সামাদ বলেন, গৃহহীনদের বাড়িতে না যাওয়ার মতো অবস্থা না হলে তারা আশ্রয়কেন্দ্রেই থাকবেন। তাঁদের চলে যাওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি।