সাতক্ষীরায় বানভাসি মানুষের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার বন্যাকবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা ও ইছামতী নদীর ওপর শাখরা স্লুইসগেট নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে কয়েক হাজার বানভাসি মানুষ সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় (পাউবো) ঘেরাও করেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তারা মিছিল করে পাউবো কার্যালয় ঘেরাও করে। পরে ১১ দফা দাবিতে পানিসম্পদমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। সাতক্ষীরা নাগরিক কমিটি, সাতক্ষীরা নাগরিক উদ্যোগ, কেন্দ্রীয় পানি কমিটি ও বানভাসি মঞ্চ যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।পাউবো কার্যালয়ের সামনে সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বানভাসি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এ বি এম সফিকুল ইসলাম, জেলা ভূমিহীন সাধারণ সম্পাদক আলী নূর খান, শ্রমিক নেতা হারুন-অর-রশিদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, আতরজানা মহিলা কলেজের অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।বক্তারা বলেন, পানিবন্দী মানুষ চরম দুর্দশার মধ্যে জীবন যাপন করছে। পর্যাপ্ত ত্রাণ তৎ পরতাও চোখে পড়ছে না। বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। তালা, সাতক্ষীরা, আশাশুনি ও কলারোয়া উপজেলার পাঁচ লাখ পানিবন্দী মানুষের ঈদ আনন্দ আর চোখের জল এক হয়ে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য জরুরি ভিত্তিতে বন্যাকবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা, আশ্রয়হীন ও পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য ও ওষুধ সরবরাহ করা প্রয়োজন। একই সঙ্গে ইছামতী নদীর ওপর শাখরা স্লুইসগেট বাতিল, কপোতাক্ষ, বেতনা ও শালিখা নদী খনন, সব নদী ও খালের ইজারা বাতিল করা আহ্বান জানান বক্তারা।