সাতক্ষীরায় বাস মালিক সমিতির ডাকে আজ থেকে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার প্রধান সড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলার সব যাত্রাপথে (রুট) আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মিনিবাস ও বাস মালিক সমিতি। শুক্রবার সন্ধ্যায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।প্রসঙ্গত, সাতক্ষীরায় মিনিবাস ও বাস চলাচলের নয়টি পথ রয়েছে। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম বলেন, জেলার প্রধান প্রধান সড়কে নিবন্ধনহীন ও অবৈধ যানবাহন বিশেষ করে, নছিমন, করিমন, মাহিন্দ্র ও ইজিবাইক চলাচল করেছে। এতে দুর্ঘটনা বাড়ছে। তিনি বলেন, এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মালিক সমিতি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এ দাবিতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১০ বার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়। সর্বশেষ ১ জুন ধর্মঘটের ডাক দিলে পুলিশের পক্ষ থেকে এক মাসের সময় নিয়ে বলা হয়, এ সময়ের মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা করা হবে। কিন্তু তা না করায় আজ রোববার থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গত এক মাসে শতাধিক অবৈধ যান চলাচল বন্ধ করা হয়েছে। দুই শতাধিক অবৈধ যানের চালককে জরিমানা করা হয়েছে। অবৈধ যানবাহন চলাচল একেবারে নির্মূল করা কঠিন হয়ে পড়েছে। ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, মিনিবাস ও বাস মালিক সমিতির সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।