সাতক্ষীরায় বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট, পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টির পর একটি পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল লুট করেছে। তারা একটি বসতঘরও জ্বালিয়ে দিয়েছে।গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গ্রামবাসীর তাড়া খেয়ে পালানোর সময় সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বেতলা গ্রামের আনছার আলীর স্ত্রী জোহরা বেগম বলেন, তাঁর ছেলে মনিরুল ইসলামের স্ত্রী ফেরদৌসী বেগমকে (২২) একই গ্রামের আবদুস সালাম বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত। এ ঘটনায় ফেরদৌসীর দায়ের করা মামলায় পুলিশ আবদুস সালামকে গ্রেপ্তার করে। বর্তমানে সে জেলহাজতে আছে।জোহরা আরও বলেন, সাতক্ষীরা শহরের কুকরালী এলাকার আবদুস সাত্তার তাঁর ছেলে মনিরুল ইসলামকে বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিত। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ছয়-সাত সন্ত্রাসী নিজেদের চোরাচালানি পরিচয়ে দরজা খুলতে বলে তাঁর কাছে পানি চায়। পানি দেওয়ার জন্য ঘর থেকে বের হলে অস্ত্রের মুখে তাঁকে ও তাঁর ছেলেদের জিম্মি করে মামলা তুলে নেওয়া হয়নি কেন জানতে চায়। সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা পাঁচ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরে তারা বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাঁদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা বাড়ির উঠানে একটি পিস্তল ফেলে রেখে পালিয়ে যায়।জোহরা অভিযোগ করেন, মামলাকে কেন্দ্র করেই তাঁদের বাড়িতে এ হামলা চালানো হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী খান জানান, এটা ডাকাতি নয়। পূর্ববিরোধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে মনিরুল ইসলাম গতকাল বুধবার একটি মামলা করেছেন। সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।